ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ২৬শে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেটে আইসিসি প্রবর্তিত নতুন নিয়মগুলো কার্যকর হবে। এই টুর্নামেন্টে ক্রিকেটারদের নতুন কৌশলগত পরিবর্তনের মুখোমুখি হতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার যদি ইনজুরি বা পুরোপুরি গ্রহণযোগ্য কারণ ছাড়া কেবল কৌশলগত কারণে মাঠ ছাড়েন, তবে তাকে অবিলম্বে ‘রিটায়ার্ড আউট’ হিসেবে গণ্য করা হবে। এছাড়া লেগ সাইডে ওয়াইড বল নির্ধারণের জন্য পপিং ক্রিজে একটি নতুন স্থায়ী রেখা প্রবর্তন করা হয়েছে। বল যদি ব্যাটারের পায়ের পেছন দিয়ে এবং এই নতুন রেখার বাইরে দিয়ে যায়, তবে সেটি ওয়াইড বলে গণ্য হবে। ব্যাটার পজিশন পরিবর্তন করলেই কেবল এই রেখার কার্যকারিতা পরিবর্তিত হতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে এখন থেকে নিকটতম বল অনুযায়ী নির্ধারিত হবে, যা ওভারের মাঝখানেও শেষ হতে পারে। উদাহরণস্বরূপ, ৫ ওভারের ম্যাচে পাওয়ার প্লে হবে ১.৩ ওভার এবং ১০ ওভারে ৩.০ ওভার। বিপিএলের প্রতিটি ম্যাচে এই নিয়মগুলো কঠোরভাবে পালিত হবে, যা খেলার গতি ও কৌশলে আমূল পরিবর্তন আনবে। বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন বিসিবি’র আম্পায়ার্স কমিটির একটি সূত্র। নতুন নিয়মগুলো কী হবে তা নিয়ে সূত্রটি জানায়, ‘আইসিসির টি-টোয়েন্টিতে যে নতুন নিয়মগুলো এসেছে তা এবারের বিপিএলে প্রয়োগ করা হবে। এর মধ্যে ওয়াইড ও ‘রিটায়ার্ড আউট’-এর নিয়মটি অন্যতম। এরই মধ্যে দলগুলোর সঙ্গে টেকনিক্যাল কমিটি বিষয়টি জানিয়ে দিয়েছে।’
ওয়াইড নির্ধারণে নতুন রেখা
বিপিএলে ওয়াইড বলের নতুন নিয়মটি বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। লেগ সাইডে ওয়াইড নির্ধারণে স্বচ্ছতা আনতে পপিং ক্রিজের মার্কিং বা রেখা বর্ধিত করা হচ্ছে, যা বোলার ও আম্পায়ারের জন্য একটি স্থায়ী সীমানা হিসেবে কাজ করবে। বল ডেলিভারির সময় ব্যাটার যদি লেগ সাইডের নতুন রেখার বাইরে অবস্থান না করেন, তবে রেখাটি স্থির থাকবে। ব্যাটার স্টাম্পের দিকে সরে এলেও বল যদি সেই স্থির রেখার বাইরে যায়, তবে আম্পায়ার ওয়াইড ঘোষণা করবেন। এই পদ্ধতির ফলে আম্পায়ারদের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং বিতর্ক কমবে। বোলারদের এখন থেকে অনেক বেশি নির্ভুল লাইন ও লেন্থে বল করতে হবে।

