নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত নাম জাকির খান। দীর্ঘ সময় কারাগারে থাকা, মুক্তির পর রাজনীতির মাঠে ফের সক্রিয় হওয়া এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে উপস্থিতির কারণে তাকে ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে গত ২৮ সেপ্টেম্বর নিজের ৫৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নগরীর দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে জাকির খানের জন্মদিন উপলক্ষে ‘সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬’ আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা সেখানে জড়ো হন। ফুলেল শুভেচ্ছা, করতালি, স্লোগান এবং সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
তবে পুরো আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি মুহূর্ত। আর্ক ব্যান্ড দল জনপ্রিয় শিল্পী হাসানের গানের সঙ্গে মঞ্চে জাকির খানের নাচের দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে। পরে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে তা নিয়ে আলোচনা শুরু হয়।
জন্মদিনের এই আয়োজন জাকির খানের দীর্ঘ রাজনৈতিক পথচলারও একটি নতুন অধ্যায় সামনে এনেছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে তিনি একসময় রাজপথের রাজনীতিতে সক্রিয় ছিলেন। কারাগারে থাকার দীর্ঘ সময় পেরিয়ে ২০২৫ সালের ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
মুক্তির দিন জাকির খানকে স্বাগত জানাতে তাঁর অনুসারীরা জেলা কারাগারের সামনে জড়ো হন। মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির বহর নিয়ে তাঁকে বরণ করা হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
কারামুক্তির পর তার রাজনৈতিক কর্মকাণ্ডও নতুন করে দৃশ্যমান হয়। ২০২৫ সালের তার জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজনের করা হয়। একই সময়ে তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কথা জানান।
এ ছাড়া চলতি বছরের জুলাইয়ে দেওভোগ মাদ্রাসায় একটি বিষয় কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে জাকির খান সেখানে গিয়ে শিক্ষার্থী, আলেম-উলামা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করেন। কয়েক দফা আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার উদ্যোগে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন এবং পরে মাদ্রাসায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
জাকির খানের রাজনৈতিক জীবন অবশ্য শুধু সাম্প্রতিক আলোচনায় সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে তার পরিচিতি রয়েছে।
চলতি বছরের ৭ জানুয়ারি ব্যবসায়ী নেতা শাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানসহ সব আসামিকে খালাস দেওয়া হয়। ২৬টি মামলায় খালাস পেয়েছেন এবং তিনটি মামলা বিচারাধীন থাকলেও সেগুলোতে তিনি জামিনে আছেন।
সব মিলিয়ে ২৮ সেপ্টেম্বরের জন্মদিনের আয়োজন জাকির খানকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। রাজনৈতিক পরিচয়ের বাইরে হাসানের গানের সঙ্গে তার নাচের মুহূর্তটি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা মাত্রা যোগ করেছে। রাজপথের রাজনৈতিক পরিচিতির পাশাপাশি জন্মদিনের এই প্রাণবন্ত আয়োজনের দৃশ্য তাকে নিয়ে মানুষের আগ্রহের নতুন একটি দিক সামনে এনেছে।

