শিশু-কিশোরদের বিনোদনের সুযোগ তৈরি এবং নগরীর একটি ঐতিহাসিক স্থাপনাকে নতুন রূপ দিতে নারায়ণগঞ্জের জিউস পুকুর দেড় কোটি টাকা ব্যয়ে সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগরীর পশ্চিম দেওভোগ ভূঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাইস্কুল মিলনায়তনে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কিশোরীদের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ শহরে শিশু-কিশোরদের বিনোদনের জন্য পর্যাপ্ত জায়গা নেই। এ কারণে সিটি করপোরেশনের উদ্যোগে ঐতিহাসিক জিউস পুকুরটি দেড় কোটি টাকা ব্যয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী করা হবে।
তিনি জানান, পুকুরের পানির উৎসকে ঘিরে ওয়াকওয়ে নির্মাণসহ প্রয়োজনীয় সৌন্দর্যবর্ধন করা হবে। এর ফলে জায়গাটি নগরবাসীর জন্য একটি সুন্দর বিনোদনকেন্দ্রে পরিণত হবে এবং শিশু-কিশোররা সেখানে খেলাধুলা ও বিনোদনের সুযোগ পাবে।
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকাদান কর্মসূচি প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক বলেন, দেশে ক্যানসার দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এর মধ্যে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ১০ থেকে ১২ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাজার থেকে এ টিকা কিনতে প্রায় দেড় হাজার টাকা খরচ হয়। তবে সরকারের সহযোগিতায় সিটি করপোরেশন নিজ উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইনের মাধ্যমে কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ডেঙ্গুর বাহক মশা নিধনে সিটি করপোরেশন ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। তবে ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নগরবাসীকেও নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং সচেতন হতে হবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম, ডা. শেখ মোস্তফা আলী, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, ট্রাস্ট সদস্য অ্যাডভোকেট নবী হোসেন, মনির হোসেন খান ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা উপস্থিত ছিলেন।

