চলতি মাসে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার বিপক্ষে খেলা রয়েছে উরুগুয়ের। ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা জাতীয় দল থেকে অবসর নেওয়ায় লিওনেল মেসির অনুপস্থিতি। মেসির অবসরের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আর সেই সুযোগটাই নিতে চান উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।
আর্জেন্টিনা দলের প্রসঙ্গ টেনে আরাউহো বলেন, ‘শেষ পর্যন্ত বিশ্বের সেরা খেলোয়াড়কে তারা হারিয়েছে। আমরা সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবো।’ এমনটা বললেও সতর্ক আছেন আর্জেন্টিনাকে নিয়ে তিনি, ‘তাদের দারুণ সব খেলোয়াড় আছে। তাদের আছে তরুণ প্রতিভাবান খেলোয়াড়। দলটি যেকোনো প্রতিপক্ষের জন্যই কঠিন।’
ম্যাচটির কঠিন চ্যালেঞ্জের কথাও স্বীকার করেছেন এই ডিফেন্ডার। জাতীয় দল হিসেবে নিজেদের আরও উন্নত করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে প্রতিটি ম্যাচই কঠিন। তবে আমরা নিজেদের খেলার ধরন তুলে ধরতে চাই এবং জাতীয় দল হিসেবে আরও এগিয়ে যেতে চাই।’
এদিকে দুই দলের সবশেষ সাক্ষাতের স্মৃতি মনে করিয়ে দিয়েছেন ফেদরিকো ভেলভের্দে। বুয়েন্স এইরেসের লা বোমবোনেরায় ২-০ গোলে স্বাগতিক আর্জেন্টিনাকে হারিয়েছিল উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার অধীনে সেটি ছিল দলটির অন্যতম সেরা পারফরম্যান্স।
রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার বলেন, ‘সেই ম্যাচ নিয়ে অবশ্যই আলোচনা হবে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের সর্শেষ জয়টি সেখানেই এসেছিল। আমার মনে হয়, আমরা দারুণ একটি ম্যাচ খেলেছিলাম।’
অক্টোবরে চোটের কারণে দলে না থাকলেও এবার ফিরেছেন ভালভের্দে। সেই রাতের পরিবেশের কথাও স্মরণ করেছেন তিনি। ‘সেদিন ম্যাচে দারুণ উদ্দীপনা ছিল, সতীর্থদের মধ্যেও। আমাদের সবার জন্য সেটি ছিল অবিস্মরণীয় এক রাত। আশা করি, আবারও তেমন কিছু করতে পারবো।’ তবে শারীরিক সমস্যার কারণে এই ম্যাচে তার খেলা এখনো নিশ্চিত নয়।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে উরুগুয়ে। এই প্রীতি ম্যাচ সামনে রেখে জাতীয় দলের দায়িত্বে থাকা দিয়েগো ফোরলান কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে ডেকেছেন।
আরাউহো জানিয়েছেন, লিভারপুলে তার সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গেও ম্যাচটি নিয়ে কথা হয়েছে। বোকা জুনিয়র্সের মাঠে শুক্রবার ১৩ তারিখের ম্যাচ নিয়ে তাদের মধ্যে কিছুটা খুনসুটিও হয়েছে বলে জানান তিনি।

