ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খান। তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।
নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে জাকির খানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন। বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার নির্দেশনায় নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ছিল রাজপথে।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন জাকির খান। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে আবারও তিনি রাজপথের রাজনীতিতে সক্রিয় হন এবং দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে এবং নারায়ণগঞ্জের জনগণের কল্যাণে রাজনৈতিক ও সামাজিকভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
এদিকে নারায়ণগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাকির খান। তার এমন ঘোষণাকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সাধারণ মানুষের মাঝে তার জনপ্রিয়তা রয়েছে বলে দাবি করছেন সমর্থকরা। পাশাপাশি তার রয়েছে বিশাল কর্মী-সমর্থক । ফলে আগামী সিটি নির্বাচনে জাকির খানকে ঘিরে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

