নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাকিবুর রহমান সাগর।
গত ১১ আগস্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে জারি করা এক আদেশে ছয় মাসের জন্য বিদ্যালয়টির এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মো. রাকিবুর রহমান সাগর। কমিটির সাধারণ শিক্ষক সদস্য মো. আতিকুর রহমান, অভিভাবক সদস্য মো. মোহসীন হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
দায়িত্ব পাওয়ার পর মো. রাকিবুর রহমান সাগর সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাকিবুর রহমান সাগর বলেন, এ দায়িত্বকে তিনি শুধু সম্মান নয়, একটি বড় আমানত হিসেবেও দেখছেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন।

