ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে কার্যক্রম আরও জোরদার করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) উদ্যোগে ১২টি ওয়ার্ডে ১৪টি ফগার মেশিন বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে নিয়মিত ফগিং কার্যক্রম পরিচালনা করে মশার প্রজনন নিয়ন্ত্রণ এবং ডেঙ্গুর ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে সুরক্ষা দিতে প্রতিটি ওয়ার্ডে মশকনিধন কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে এসব ফগার মেশিন হস্তান্তর করা হয়। ওয়ার্ড পর্যায়ে দ্রুত ও নিয়মিত ফগিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশাবাহিত রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের ফগার মেশিন যথাযথভাবে ব্যবহার এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফগিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নগরবাসীকেও বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

