নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, “নারায়ণগঞ্জে আপনারা জানেন, নিজেদের ‘সিংহপুরুষ’ দাবি করা এক ব্যক্তির জন্ম হয়েছিল। কিন্তু সিংহ তো জঙ্গলে থাকার কথা। সেই ‘সিংহ’ এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে। তার নেত্রী পালিয়েছেন, তার নেতাকর্মীরাও পালিয়েছে।”
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর খানপুর হাসপাতাল রোডে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সজল বলেন, “আমি রাজপথে লড়াই-সংগ্রাম করে নেতৃত্বে এসেছি। আমাদের উচ্ছেদ করার অনেক চেষ্টা হয়েছে। কিন্তু ১৭ বছরেও শেখ হাসিনা বিএনপিকে উচ্ছেদ করতে পারেননি। ইনশাআল্লাহ, কোনো বাচ্চা পার্টি কিংবা ধর্মীয় লেবাসধারী কোনো দলও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে উচ্ছেদ করতে পারবে না।”
তিনি আরও বলেন, “এ দেশের জনগণ আমাদের নেতা তারেক রহমানকে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। যুবদলের নেতাকর্মীরা নিজেদের শরীরের রক্ত দিয়ে দলের প্রতিটি কর্মসূচি সফল করেছে। আগামী দিনেও দলের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র বা অপপ্রচারের মোকাবিলায় তারা রাজপথে কঠোর অবস্থানে থাকবে।”
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক ও সাজেদুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সোহেল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশ ও মিছিল পরিচালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।

