নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাহেব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় তাকে গুলি করার পাশাপাশি ইট দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে রনি গ্রুপের সদস্যদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে সাহেব আলীর ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি পাশের একটি ডোবায় পড়ে যান। এ সময় তার ওপর ইট দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ রয়েছে।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজে হামলার সময় সাহেব আলীর দিকে রনিকে গুলি ছুড়তে দেখা গেছে বলে জানা গেছে। একই ফুটেজে সাহেব আলীকে ইট দিয়ে আঘাত করার দৃশ্যও রয়েছে।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। পুলিশের ওপর হামলার একটি মামলাতেও তিনি আসামি ছিলেন।
তিনি আরও বলেন, সাহেব আলী হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।

