নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে অবৈধভাবে ইট উৎপাদনের দায়ে তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে একটি ভাটার স্থাপনা এক্সকাভেটর দিয়ে আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকি ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সদর উপজেলার পূর্ব গোপালনগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মেসার্স এনবিএম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্সকে পৃথকভাবে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠান থেকেই জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে একটি ইটভাটার অবৈধ স্থাপনা এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে ফেলা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ভাটাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরাও অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ ও বায়ুর মান উন্নয়নে নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা এবং দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

