অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সহকর্মীকে হারিয়ে পুরোনো স্মৃতিতে আবেগাপ্লুত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল খানকে স্মরণ করেছেন এই অভিনেতা।
চঞ্চল চৌধুরী তার পোস্টে লেখেন, ‘সোহেল ভাই…..!!!! পরলোকে শান্তিতে থাকুন!!! আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভীড় জমাচ্ছে।’
চঞ্চল ও সোহেল খান একসঙ্গে বহু নাটকে কাজ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে পরিচালক মো. ইকবাল বলেন, সোহেল খানের মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে। তার মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

