নারায়ণগঞ্জের বক্তাবলীতে প্রয়াত পীর ও সাধক হযরত শাহ সোলায়মান (র.) ওরফে ‘লেংটা বাবা’র ওরশ ঘিরে আয়োজিত মেলা বন্ধের দাবিতে স্থানীয় ধর্মীয় নেতাদের আন্দোলনে সংহতি জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। একই সঙ্গে মেলা ঘিরে কোনো অসামাজিক কর্মকাণ্ড হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি। এ দাবিতে আন্দোলনকারীদের প্রশাসনিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর গ্রামের আমজাদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মেলা বন্ধের দাবিতে স্থানীয় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা এ সভার আয়োজন করেন।
মামুন মাহমুদ বলেন, বক্তাবলীতে কোনো অসামাজিক কার্যকলাপ হতে দেওয়া হবে না। এ বিষয়ে আন্দোলনকারীদের সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে। শুধু সভায় উপস্থিত থাকার জন্য নয়, আন্দোলনকারীরা যেকোনো বিপদে ডাকলে তিনি নিজেসহ দলের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবেন।
ধর্মীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, অসামাজিক কার্যকলাপ বন্ধে ইমামরা যে আন্দোলন শুরু করেছেন, তা থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমামরা যে কথা বলেন, সেই অবস্থান থেকে তাদের সরে আসা উচিত নয়। ইমামদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীরাও পাশে থাকবেন।
তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, অসামাজিক কর্মকাণ্ড এবং ইসলামের নামে প্রতারণামূলক কার্যকলাপ বন্ধ হওয়া প্রয়োজন। আন্দোলনকারীদের পাশে থাকার পাশাপাশি নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানানো হবে, যাতে প্রয়োজনের সময় তারা সহযোগিতা পান।
সভায় উপস্থিত স্থানীয় ধর্মীয় নেতাদের এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে মামুন মাহমুদ প্রশাসনিকভাবেও সহযোগিতার আশ্বাস দেন।
তবে এ বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা জানতে মামুন মাহমুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।আধ্যাত্মিক সাধক হযরত শাহ সোলায়মান লেংটার মূল মাজার চাঁদপুরের বেলতলীতে অবস্থিত। নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের রাধানগর গ্রামে রয়েছে তাঁর শ্বশুরবাড়ি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, কয়েক দশক ধরে ওই এলাকায় তাঁর ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে। ওরশকে কেন্দ্র করে বসে ‘লেংটার মেলা’।
তবে গত কয়েক বছর ধরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের আপত্তির কারণে ওরশ ও মেলা আয়োজন নিয়ে বিরোধ তৈরি হয়েছে। গত দুই বছর ওরশ অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছেন মাজারের খাদেম।
মেলা বন্ধের দাবিতে শনিবারের সভার ব্যানারে ‘মাদক ও অপসংস্কৃতির ভয়াল থাবায় সামাজিক প্রতিরোধ ও উত্তরণ’ শীর্ষক সেমিনারের কথা উল্লেখ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন মামুন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা বিল্লাল হোসেন।
অন্যদিকে, মেলা বন্ধের দাবিতে সভা আয়োজন ও বাধা দেওয়ার ঘটনায় আতঙ্কের কথা জানিয়েছেন হযরত শাহ সোলায়মান লেংটার পঞ্চম বংশধর ও মাজারের খাদেম শাহ আমজাদ হোসেন।
তিনি বলেন, প্রায় একশ বছর ধরে এখানে সোলায়মান লেংটার ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু কয়েক বছর ধরে বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে। গত দুই বছর ওরশ হয়নি। এবারও ওরশ ও মেলার আয়োজন করতে একটি পক্ষ বাধা দিচ্ছে। শনিবারও মেলা বন্ধের দাবিতে সভা করা হয়েছে। এ পরিস্থিতিতে তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
তিনি আরও জানান, দীর্ঘদিনের এই আয়োজন অব্যাহত রাখা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।

