নারায়ণগঞ্জের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সহযোগিতায় অনুদান কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে ৪৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। নতুন করে আরও ৪০ লাখ টাকা অনুদান পাওয়া গেছে। এই অর্থের বড় অংশ কওমি মাদ্রাসাগুলোতে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দরে কওমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
সভায় আবুল কাউসার আশা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিভিন্ন সময়ে অনুদান দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিতরণ করা ৪৬ লাখ ৩০ হাজার টাকার মধ্যে কিছু অর্থ মন্দিরে দেওয়া হলেও অধিকাংশ অর্থ মসজিদ ও মাদ্রাসায় দেওয়া হয়েছে। নতুন করে পাওয়া ৪০ লাখ টাকা কওমি মাদ্রাসাগুলোকে অগ্রাধিকার দিয়ে বিতরণের উদ্যোগ নেওয়া হবে।
আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলেমদের সহযোগিতা ও সচেতনতামূলক বক্তব্যের কারণে অনেক মানুষ বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পেরেছেন। নির্বাচনী সময়ে তাঁদের অবদান দল ও পরিবারের পক্ষ থেকে স্মরণ করেন বলেও জানান তিনি।
আলেমদের সমাজের নৈতিক ও আত্মিক উন্নয়নের পথপ্রদর্শক উল্লেখ করে আবুল কাউসার আশা বলেন, চিকিৎসক যেমন মানুষের শারীরিক অসুস্থতা দূর করেন, তেমনি আলেম-ওলামারা মানুষের আত্মিক ও নৈতিক দিকের উন্নয়নে কাজ করেন। সমাজে নৈতিক অবক্ষয় রোধে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার কাজে আলেম-ওলামাদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চান তাঁরা। একই সঙ্গে ধর্মের নামে বিভ্রান্তিকর বক্তব্য ও ভুল ধারণা ছড়ানো ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আলেম-ওলামাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ধর্মীয় ব্যক্তিদের জন্য তাঁর সহযোগিতার দ্বার সবসময় উন্মুক্ত। সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দেশের বিভিন্ন সংকট ও কঠিন সময়ে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে আবুল কাউসার আশা বলেন, দেশের প্রয়োজনে অতীতেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

