নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ফতুল্লার নুর মসজিদ সংলগ্ন ইসমাইলের অটো গ্যারেজের পাশের বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রফিক, বিপিএমের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে। পরে তাদের দেহ ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় এক হাজার গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল (৩৫), রায়হান ওরফে হিটলার (২৯), বাবু মিয়া (৩২), মামুন (৩৬) ও আবির (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেল ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ, রায়হান দেওভোগ বাঁশমুলি, মামুন মধ্য রসুলপুর এবং আবির খিল মার্কেট জেলেপাড়া এলাকার বাসিন্দা। বাবু মিয়া গাইবান্ধা সদর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফতুল্লার বাঁশমুলি নুর মসজিদ এলাকায় বসবাস করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।

