যুবসমাজকে মাদক, কিশোর অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এজন্য এলাকায় বেশি বেশি খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। কারণ খেলাধুলা মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। যুবসমাজ যত বেশি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে, ততই তারা মাদক ও বাজে আড্ডা থেকে দূরে থাকবে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মিজমিজি বাতানপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত মিনি বার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশে হালিম জুয়েল বলেন, সন্তানরাই বাবা-মায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছে, সেদিকে অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে। বর্তমান সামাজিক পরিস্থিতিতে সন্তানদের প্রতি বাড়তি সতর্কতা ও দায়িত্বশীলতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের কারণে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কোমলমতি তরুণদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সরকারসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, শেখ জামাল ও ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টটি আয়োজন করেন তোহা, সাকিব, সাইফি, সিহাব, তুহিন, শরিফ ও শান্তসহ স্থানীয় যুবসমাজের সদস্যরা।

