নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাঁর আগমনের বিরোধিতা করে প্রতিহতের ঘোষণা দিয়েছেন স্থানীয় আলেম-ওলামা ও কয়েকটি ইসলামী সংগঠনের নেতারা। এ নিয়ে স্থানীয় মসজিদ কমিটি, রাজনৈতিক নেতাকর্মী ও ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আগামী ১৬ নভেম্বর (সোমবার) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বন্দর দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে তাঁর আগমনকে কেন্দ্র করে শনিবার (১৪ নভেম্বর) দক্ষিণ লক্ষণখোলা এলাকার মাহমুদীয়া মাদ্রাসায় বিরোধিতাকারীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে যেকোনো মূল্যে আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, তাঁরা মাহফিলের বিপক্ষে নন। তবে বিতর্কিত কোনো বক্তাকে তাঁরা মেনে নিতে চান না। বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা উচিত। মাহফিলকে কেন্দ্র করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হলে এর দায় প্রশাসনকে নিতে হবে।
হেফাজতে ইসলামের নেতা হাফেজ কবির হোসাইন অভিযোগ করেন, মাহফিলের পোস্টারে অতিথি হিসেবে যাঁদের নাম ব্যবহার করা হয়েছে, তাঁদের অনেকেরই অনুমতি নেওয়া হয়নি। কাউকে না জানিয়ে পোস্টারে নাম ব্যবহার করা কতটুকু সমর্থনযোগ্য, সে প্রশ্নও তোলেন তিনি।
ইসলামী আন্দোলনের নেতা জহিরুল ইসলাম বলেন, আমির হামজাকে বন্দরে আসতে দেওয়া হবে না। তাঁকে প্রতিহত করতে তাঁরা সংগঠিত হচ্ছেন বলেও জানান তিনি।
অন্যদিকে স্থানীয় বিএনপির সভাপতি মো. ফারুক বলেন, আমির হামজার আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আয়োজকেরা অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা না করেই পোস্টারে তাঁদের নাম ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন তিনি।
তবে আয়োজক কমিটির পক্ষ থেকে মাওলানা আবু আবদুল্লাহ জানান, পুলিশ-প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শান্তি বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই। বিরোধিতাকারীরা রাজনৈতিক চাপের কারণে এমন অবস্থান নিয়েছেন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানূর রহমান জানান, মাহফিল আয়োজনের জন্য আয়োজকদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে নির্ধারিত দিনে মাহফিল আয়োজন ও আমির হামজার উপস্থিতি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের ভূমিকার দিকেও তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

