রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবে নারায়ণগঞ্জে অপরাধ দমন কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার। তাঁর মতে, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হলে অপরাধের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করা সম্ভব।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে এ সভার আয়োজন করা হয়।
আবদুল জব্বার বলেন, অপরাধ নির্মূলে সরকারের রাজনৈতিক সদিচ্ছা, সুশাসন এবং প্রশাসনের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত ও রাজনৈতিক অঙ্গীকার।
তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ফোন কিংবা চাপের কারণে অপরাধীদের ছেড়ে দিতে হয় অথবা দুর্বল ধারায় মামলা করা হয়। এতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না। বিদ্যমান আইনগুলো যথাযথভাবে প্রয়োগ করা সম্ভব হলে ৭০ থেকে ৮০ শতাংশ অপরাধ নিয়ন্ত্রণে আনা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
কিশোর গ্যাংয়ের বিস্তার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, এসব অপরাধী চক্রের পেছনে অনেক সময় রাজনৈতিক দলের প্রভাবশালী কিংবা জ্যেষ্ঠ নেতাদের আশ্রয়-প্রশ্রয় থাকে। রাজনৈতিক সরকার পরিবর্তন হলেও এ ধরনের সংস্কৃতির অবসান ঘটেনি। ফলে অপরাধীরা বিভিন্নভাবে প্রভাবশালী মহলের সুরক্ষা পেয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অপরাধ দমনে আন্তরিকতা না থাকলে এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্তভাবে কাজ করতে না দিলে কোনো উদ্যোগই কার্যকর হবে না। অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনকে নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে আইনের ফাঁকফোকর বন্ধ করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সুজনের সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূরউদ্দিন, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আহমেদুর রহমান তনু, এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শওকত আলী ও সমমনার জেলা সভাপতি গোবিন্দ সাহা প্রমুখ।

