১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-আন্দোলন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক সংগ্রাম ও আন্দোলনের স্মৃতি ধারণ করে তরুণ শিল্পীদের আঁকা চিত্রকর্ম নিয়ে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে বিশেষ চারুকলা প্রদর্শনী। দেশের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পাশাপাশি এ প্রদর্শনীতে স্থান পেয়েছে নারায়ণগঞ্জের আন্দোলন-সংগ্রামের কয়েকটি বহুল আলোচিত ঘটনাও।
প্রদর্শনী ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জের অন্তত ছয়টি ঘটনা শিল্পীদের তুলিতে জীবন্ত হয়ে উঠেছে। এসব চিত্রকর্মে আন্দোলনের উত্তাপ, রাজনৈতিক সংঘাত, আহত নেতাকর্মীদের উদ্ধার, গ্রেপ্তার এবং প্রতিবাদের নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
প্রদর্শনীতে স্থান পাওয়া অন্যতম আলোচিত চিত্রে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার এক হৃদয়বিদারক মুহূর্ত। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদল নেতা শাওনকে আহত অবস্থায় উদ্ধারের দৃশ্য শিল্পী ক্যানভাসে তুলে ধরেছেন। চিত্রটিতে ঘটনাস্থলের উত্তেজনা ও মানবিক আবেগ ফুটে উঠেছে।
আরেকটি চিত্রে আওয়ামী লীগ সরকারের সময় হামলায় আহত বিএনপি নেতা মো. দোলন ভূঁইয়ার বাসভবনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর খোঁজখবর নেওয়ার মুহূর্ত স্থান পেয়েছে। শিল্পী ঘটনাটিকে সহমর্মিতা ও রাজনৈতিক সংকটের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন।
এছাড়া প্রদর্শনীতে রয়েছে নারায়ণগঞ্জের আন্দোলন-সংগ্রামে সক্রিয় বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)-এর নেতৃত্বে অনুষ্ঠিত একটি মিছিলের চিত্র। হাতে মাইক নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে স্লোগান দেওয়ার দৃশ্যটি শিল্পীর তুলিতে প্রাণবন্তভাবে ফুটে উঠেছে।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের একটি চিত্রকর্মেও আন্দোলনের সময় আহত নেতাকর্মীদের হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দৃশ্য তুলে ধরা হয়েছে। মানবিক দায়িত্ববোধের সেই মুহূর্তটি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির গ্রেপ্তারের একটি ঘটনাও স্থান পেয়েছে প্রদর্শনীতে। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সেই মুহূর্ত শিল্পী বাস্তবধর্মী আঙ্গিকে উপস্থাপন করেছেন।
অপর একটি চিত্রে সিদ্ধিরগঞ্জে আন্দোলনের সময় সংঘটিত হামলায় বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের দৃশ্য তুলে ধরা হয়েছে। ওই ঘটনায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর চোখে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আঁকা চিত্রকর্মটি দর্শকদের আবেগাপ্লুত করছে।
প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের মতে, এসব চিত্রকর্ম শুধু রাজনৈতিক ঘটনার উপস্থাপন নয়; বরং বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামের স্মৃতি, ত্যাগ ও মানবিক অনুভূতির শিল্পরূপ। ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের পাশাপাশি নারায়ণগঞ্জের আলোচিত ঘটনাগুলোও এ প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে।

