দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে সাদাছড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) মাসদাইর মজলুম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের হাতে সাদাছড়ি ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। এ উদ্যোগের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের স্বাভাবিক চলাচল ও জীবনযাপনে সহযোগিতার বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকার। অ্যাডভোকেট মাইনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়নাল আবেদীন। জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ রানা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাসেত আকন, মো. শহিদুল্লাহ, অ্যাডভোকেট একে খান উজ্জ্বল, সাংবাদিক দিল মুহাম্মদ দিলু, খন্দকার মহিদুল ইসলাম ও সাংবাদিক এসএম ইকবাল রুমি।
অনুষ্ঠানে বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সামাজিক দায়িত্ববোধ বাড়ানো এবং তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

