নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার এবং দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া দুটি কম্প্রেসার ও দুটি মোটর উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চট্টগ্রামের আকবর শাহ থানার নিউ শহীদ লেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল (৩২)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ১২ জুন সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিট কারখানায় ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডিবি পুলিশের পরিচয়ে প্রবেশ করে। পরে তারা সিকিউরিটি গার্ড মালেক, মোবাশ্বির ও হৃদয়কে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
এরপর ডাকাতরা কারখানা থেকে প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ এবং নগদ টাকাসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্তে নেমে ডাকাতদের শনাক্ত করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামে অভিযান পরিচালনা করে।
ওসি সালাউদ্দিন জানান, অভিযানে লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে এবং দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ডাকাতি চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

