নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তাঁদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। আগামী ডিসেম্বর পর্যন্ত জাকির খানের নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে সক্রিয় অবস্থানে থাকবেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অবস্থাতেই রাজপথের আন্দোলন থেকে পিছিয়ে আসা হবে না।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি পারভেজ মল্লিক, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, জেলা কৃষকদলের সহসভাপতি শেখ সালেহ আহমেদ রনি, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক সনেট আহমেদ, যুবদল নেতা আক্তার অপু ও ফয়সাল আহমেদ হৃদয়।
এছাড়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সাজু দেওয়ান, শামসুজ্জামান টনি, বিল্লাল, পরান ও ফয়সালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

