নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও মাদক সেবনের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার দুই আসামি এবং সন্ত্রাসবিরোধী মামলার তিনজন রয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১২ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার তিনজন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার দুজন, চুরি মামলার একজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং মাদক সেবনের অভিযোগে পাঁচজন রয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. ফাহিম প্রধান (২৫) ও আবুল কাশেম মোল্লা (৬৫)। পুলিশের দাবি, ফাহিম সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য। অন্যদিকে আবুল কাশেম সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন হযরত আলী (৬৪), মো. শাহ আলম (৪৩) ও মো. ইসমাইল হোসেন সিরাজী (৩৮)। পুলিশের তথ্যমতে, ইসমাইল ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
এদিকে উপজেলার মেঘনাঘাট, তাতুয়াকান্দি ও ফ্রেশ কোম্পানি এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন মো. করিম সাহা (৩০), মিহাদুল (২২), মো. রানা, মো. ফয়সাল ও মো. নাইম (২২)।
এ ছাড়া চুরি মামলায় পটুয়াখালীর মফিজুল গাজী (২২) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চাঁদপুরের সাদ্দাম হোসেনকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

