বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনব্যাপী আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে তিনি দৃঢ়তার পরিচয় দিয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাবন্দি থাকা এবং অসুস্থতার মধ্যেও তিনি জনগণের অধিকার নিয়ে আপস করেননি।
আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ কখনো শোধ করতে পারবে না।
অনুষ্ঠানে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও আদর্শ বিএনপির নেতাকর্মীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল এবং জনগণের ওপর নির্যাতন চালিয়েছিল। যেকোনো স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, আল মুজাহিদ মল্লিক, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাদিকুর রহমান সেন্টু, যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

