ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান-কে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি সেলিম ওসমানকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে বিএনপির নেতাকর্মীরাই তাকে খুঁজে বের করে আইনের হাতে তুলে দেবে।
বুধবার দুপুরে নগরীর খানপুর বরফকল মাঠে মহানগর বিএনপির নেতা শিল্পপতি মাসুদুজ্জামান-এর আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
টিপু বলেন, “সেলিম ওসমান একাধিক মামলার আসামি হয়েও এখনও উইজডমে এসে বৈঠক করছেন এবং নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছেন।”
তিনি আরও বলেন, “ঈদুল আজহার দিনও তিনি উইজডমে এসে পুনর্মিলনী করেছেন। প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাকে গ্রেফতারের জন্য কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। প্রশাসন যদি দায়িত্ব পালন না করে, তাহলে জনগণ ও বিএনপির নেতাকর্মীরাই তাকে খুঁজে বের করে নিয়ে আসবে।”
তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই আইনের আওতার বাইরে থাকার সুযোগ পেয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো আসামিকে ছাড় দেওয়া উচিত নয়।
টিপু বলেন, “আইনের দৃষ্টিতে সবাই সমান। সেলিম ওসমান যদি মামলার আসামি হয়ে থাকেন, তাহলে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।”
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এই নেতা আরও বলেন, প্রশাসনের দায়িত্ব হলো আদালত ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। অন্যথায় সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা কমে যাবে। তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগেও টিপু বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে সেলিম ওসমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, সেলিম ওসমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হলে তাকে আইনের আওতায় আনা জরুরি।

