নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়। তাই মসজিদকে রাজনৈতিক প্রভাব ও দলীয় বিভাজনের ঊর্ধ্বে রাখতে হবে।
শুক্রবার (১৭ জুলাই) ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন তক্কার মাঠ বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মসজিদ পরিচালনা ও কমিটি গঠনের ক্ষেত্রে এলাকার মুরুব্বি, মুসল্লি এবং স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের জোর-জবরদস্তি কিংবা রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে মসজিদের পরিবেশ নষ্ট করা উচিত নয়।
আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে সেই বিরোধ যেন কখনো মসজিদে প্রবেশ না করে। মসজিদ হবে সম্প্রীতি, ঐক্য, শান্তি ও ইবাদতের কেন্দ্র।
জুমার নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার দোয়া কামনা করেন।

