নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে দলীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।
বুধবার (১৮ নভেম্বর) ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকায় খাল খনন ও সংস্কারকাজের উদ্বোধন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি সংস্কার ও পরিষ্কার না করায় পলি, ময়লা-আবর্জনা জমে পানিপ্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি দীর্ঘসময় পানি জমে থাকায় মশার উপদ্রবও বেড়েছে।
কর্মসূচি পরিদর্শনকালে মাওলানা আবদুল জব্বার বলেন, মানুষের সেবা করার জন্য নির্বাচনের অপেক্ষায় বসে থাকার প্রয়োজন নেই। মানুষের দুর্ভোগ কমানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মুসলিমনগর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন। তাঁদের কষ্ট বিবেচনায় নিয়ে জনস্বার্থে খাল খনন ও পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খালটির পানিপ্রবাহ স্বাভাবিক করতে ধাপে ধাপে প্রয়োজনীয় খনন ও সংস্কারকাজ পরিচালনা করা হবে। একই সঙ্গে খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, জামায়াত আমিরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, খালটি পুনরায় সচল করা সম্ভব হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ কমবে। পাশাপাশি এলাকার পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থারও উন্নতি হবে।

