ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত কয়েকজন নেতার প্রভাব ক্রমেই কমে আসছে বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে মহানগর বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ায় একসময় প্রভাবশালী হিসেবে পরিচিত কিছু নেতা এখন অনেকটাই কোণঠাসা অবস্থায় পড়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূল নেতাকর্মীরা।
দলীয় সূত্র বলছে, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ৪১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি অনুমোদনের পর থেকেই সংগঠনের ভেতরে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। কমিটি ঘোষণার কিছুদিনের মধ্যেই ১৫ জন নেতা পদত্যাগ করেন। এতে মহানগর বিএনপি কার্যত দুই ধারায় বিভক্ত হয়ে পড়ে। তবে পদত্যাগের পরও বাকি সদস্যদের নিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দলীয় কার্যক্রম চালিয়ে যান।
দীর্ঘ সময় ধরে কমিটি বিরোধী অবস্থান নেওয়া নেতাদের একটি অংশ পরে আবারও মহানগর বিএনপির পরিচয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। তবে বারবার অবস্থান পরিবর্তন ও বিভিন্ন বলয়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।
বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব নেতার অবস্থানও বদলাতে দেখা গেছে। প্রথমদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাসুদুজ্জামানের নাম আলোচনায় এলে তারা তার অনুসারী হিসেবে সক্রিয় হন। পরে সাখাওয়াত হোসেন খানের নাম মনোনয়নের আলোচনায় আসলে সেই দিকেই ঝুঁকে পড়েন। সর্বশেষ সাবেক সংসদ সদস্য আবুল কালাম চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর আবারও তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালান অনেকে।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ঘন ঘন অবস্থান পরিবর্তনের কারণে এসব নেতার প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। অন্যদিকে নির্বাচনে আবুল কালামের বিজয় এবং পরবর্তীতে সাখাওয়াত হোসেন খান সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মহানগর বিএনপির রাজনীতিতে নতুন নেতৃত্বের প্রভাব আরও দৃশ্যমান হয়ে ওঠে।
এ পরিস্থিতিতে একসময় আলোচিত ‘ওয়ান ম্যান শো’ নির্ভর রাজনীতি ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তৃণমূলের নেতাকর্মীদের মতে, এখন ব্যক্তি নির্ভর রাজনীতির পরিবর্তে সাংগঠনিক ঐক্য ও ধারাবাহিক নেতৃত্বকেই বেশি গুরুত্ব দিচ্ছে দল।

