নারায়ণগঞ্জে রাজনৈতিক অস্থিতিশীলতা, সহিংসতা কিংবা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম আজাদ বলেন, নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধ রয়েছে। কোনো অপশক্তি পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তা মোকাবিলায় বিএনপি প্রস্তুত। তিনি বলেন, যারা অতীতের স্বৈরাচারী শক্তির সহযোগী, তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিতে চাই নারায়ণগঞ্জে কোনো ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করবেন না। উল্টাপাল্টা কিছু করলে তার কঠোর জবাব দেওয়া হবে।
গার্মেন্টস শিল্পের শ্রমিক অসন্তোষ ও সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, সরকার ও প্রশাসন সম্মিলিতভাবে পোশাকশিল্পের বিভিন্ন সংকট সমাধানে কাজ করেছে। নারায়ণগঞ্জেও শিল্পখাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ পরিচালনা করছেন। এ কারণে অনেকেই নিরাপদে নিজেদের বাসাবাড়িতে অবস্থান করতে পেরেছেন এবং কোনো ধরনের হয়রানির শিকার হননি। তবে দেশের মানুষের অধিকার, জানমাল কিংবা রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা হলে সরকার ও দল কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।
ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক কর্মসূচি ও নানা আলোচনার প্রসঙ্গে নজরুল ইসলাম আজাদ বলেন, যারা ডিসেম্বর নিয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিএনপি শতভাগ ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে। তিনি বিরোধী শক্তিকে সতর্ক করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন, অন্যথায় অশান্তি সৃষ্টি করতে গেলে তার পরিণতি আরও কঠিন হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

