নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ঝুট (ওয়েস্টেজ কাপড়) রাখার ৩০টি গোডাউনের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১১ অক্টোবর) গভীর রাত ২টার দিকে সদর উপজেলার বিলাসনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার নিবিড় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের মালিক ইমরান হোসেন, জহির ও সোহেলসহ একাধিক শ্রমিক জানান, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিটি গোডাউনে আনুমানিক ৫ থেকে ২০ লাখ টাকার ঝুট কাপড় মজুত ছিল। ৩০টি গোডাউনে বিপুল পরিমাণ মালামাল সম্পূর্ণ পুড়ে যাওয়ায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আশঙ্কা করছেন।
ক্ষতিগ্রস্তদের অনেকেই বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এসব গোডাউন ও ব্যবসা পরিচালনা করছিলেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় সর্বস্ব হারিয়ে তাদের ব্যবসা, ব্যাংক ঋণ পরিশোধ ও জীবিকা নির্বাহ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। ফায়ার কর্মীদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানা যাবে

