নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, সরকারবিরোধী মিছিল ও নাশকতার উদ্দেশ্যে একদল যুবক সাইনবোর্ড এলাকায় জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে নজরদারি বাড়ানো হয়। পরে মিছিল শুরুর আগমুহূর্তে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা সম্ভব হয়।
গ্রেপ্তাররা হলেন—আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আবরার আহম্মেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অন্যরা ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড় থেকে সাইনবোর্ড অংশে একটি মিছিল আয়োজনের প্রস্তুতি চলছে—এমন তথ্য পাওয়ার পর সন্ধ্যার পর থেকেই ওই এলাকায় পুলিশের একাধিক দল অবস্থান নেয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়।
পুলিশ জানান, রাত ১০টার দিকে সাইনবোর্ডের গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী সড়কে কয়েকজনকে জড়ো হতে দেখা যায়। পুলিশ এগিয়ে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে ১০ জনকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, আজমেরী ওসমানের সমর্থনে মিছিল করার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিলেন। পুলিশের দাবি, লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশনায় তাদের সেখানে আসার কথা ছিল।
ওসি আরও জানান, মিছিল শুরু হওয়ার আগেই তাদের আটক করা হয়েছে। ঘটনাটি যাচাই-বাছাই করে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে মিছিল বা সমাবেশের প্রস্তুতির অভিযোগে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় সাইনবোর্ড এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

