ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিনিধি হিসেবে তিনি এবার নির্বাচনী মাঠে রয়েছেন। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ঢাকার ক্লাবগুলোর ভোটে পরিচালক নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
রবিবার (৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন।
এর মধ্যে ক্যাটাগরি-২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে ৭৬টি ক্লাবের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদুজ্জামান। তার সঙ্গে আরও ১৫ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন।
প্রার্থীদের মধ্যে রয়েছেন আবাহনী লিমিটেডের ফাহিম সিনহা, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান, ধানমন্ডি ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের তামিম ইকবাল, ট্রাই স্টেট ক্রিকেটার্সের আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিম, ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহিম আহমেদ, তেজগাঁও ক্রিকেট একাডেমির বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ এবং কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবের মেজর ইমরোজ আহমেদ।
মাসুদুজ্জামান বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত এই সংগঠক ক্রিকেটের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
সংশ্লিষ্টদের মতে, বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হলে ক্লাব ক্রিকেটের মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং খেলোয়াড়দের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন মাসুদুজ্জামান। তার প্রার্থিতা ঢাকার ক্লাব ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

