নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় পরিচয়হীন এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ১০ তলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ওই নারী মহাসড়কের ডিভাইডার দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জুলহাস উদ্দিন জানান, ঘটনাস্থলের কাছেই পথচারীদের জন্য ফুটওভার ব্রিজ রয়েছে। কিন্তু ওই নারী ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ডিভাইডার দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
তিনি বলেন, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত গাড়িটিও শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

