টানা বৃষ্টিপাতে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নিম্নাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়ে যাওয়ায় দ্রুত পানি নিষ্কাশনে জরুরি ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবিরের নির্দেশনায় উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাঠপর্যায়ে শুরু হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পানি অপসারণ কার্যক্রম।
সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে জরুরি নির্দেশনা পাঠানো হয়। এতে জলাবদ্ধতা নিরসনে ড্রেন, নালা-নর্দমা পরিষ্কার রাখা, পানি প্রবাহের পথ বাধামুক্ত করা এবং প্রয়োজনীয় স্থানে পাম্প ব্যবহার করে দ্রুত পানি অপসারণের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা পাওয়ার পর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনপ্রতিনিধি, পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকায় কাজ শুরু করেন। তারা জলাবদ্ধ স্থানগুলো চিহ্নিত করে পানি নিষ্কাশনের পাশাপাশি খাল, ড্রেন ও নর্দমার মুখে জমে থাকা আবর্জনা সরিয়ে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “মানুষের দুর্ভোগ যত দ্রুত সম্ভব কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। কোথাও পানি জমে থাকার খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি।”
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জেলার প্রতিটি ইউনিয়নে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। এসব টিম নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শন করে সমস্যার তথ্য জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে পাঠাচ্ছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা সম্ভব হয়।

