ঢাকা, ২ অক্টোবর ২০২৬: দেশের অন্যতম শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, চিকিৎসার জন্য কিছুদিন আগে লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার রাতে একটি হোটেল কক্ষে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) বাংলাদেশ। সংগঠনটির সভাপতি মোহাম্মদ জুবায়ের ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ পৃথক শোকবার্তায় তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সাংবাদিকতা জীবনে তিনি লন্ডনভিত্তিক বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবেও কাজ করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেশের অনলাইন গণমাধ্যমের বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালের ডিসেম্বরে তৌফিক ইমরোজ খালিদী ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।
তার মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

