নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আদর (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে মামলাটিতে গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
শনিবার (২৮ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদরের জবানবন্দি রেকর্ড করা হয়।
জবানবন্দি দেওয়া আদর ফতুল্লার নাগবাড়ী মন্দিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মজিবর রহমানের ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় আদরের আগে আরও দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুরের হাসেমবাগ এলাকায় ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

