নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মহানগর বিএনপি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে বিভিন্ন সুবিধা আদায় এবং দলীয় কর্মকাণ্ডে বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ২৬ নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরিত চিঠিতে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। তবে শোকজের নির্ধারিত সময়সীমা ইতোমধ্যে প্রায় শেষের দিকে।
দলীয় সূত্রে জানা গেছে, শোকজ নোটিশে আবুল কাউসার আশার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব পালন করলেও তিনি দল ও সরকারের ভাবমূর্তির বিষয়টি বিবেচনায় না নিয়ে পতিত আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্নভাবে গুরুত্ব দিয়েছেন। এমনকি তাদের কয়েকজনকে সরকারি গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করা এবং নিজের আয়োজিত মিছিল-মিটিংয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
নোটিশে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নের বাসিন্দা ও শেখ রাসেল ক্রীড়া একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান মেম্বার এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারের নাম উল্লেখ করা হয়েছে। তাদের সঙ্গে আবুল কাউসার আশার বিভিন্ন সময়ের ছবি ও সংশ্লিষ্টতা অভিযোগের প্রমাণ হিসেবে চিঠিতে তুলে ধরা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার মাধ্যমে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হওয়ার পাশাপাশি বন্দর এলাকায় বিএনপি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে মহানগর বিএনপি।
নোটিশে উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড দলীয় সাংগঠনিক পরিবেশের জন্য ক্ষতিকর ও বিপজ্জনক। তাই তার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে জবাব সন্তোষজনক না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে, শোকজের নির্ধারিত সময়সীমা প্রায় শেষ হলেও আবুল কাউসার আশার জবাব এবং তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত কী হয়, তা নিয়ে মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

