নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতা, সন্ত্রাস, অরাজকতা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
রেজা রিপন বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যদি রাজনীতির নামে আবারও নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের সেই অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রার নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, যান চলাচলে বিঘ্ন ঘটানো কিংবা সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। নারায়ণগঞ্জের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না।
রেজা রিপন আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী এখনো নাশকতার চিন্তা করছেন, তাদের বুঝতে হবে সময় বদলে গেছে। রাজনীতির নামে সন্ত্রাস বা অরাজকতা করার সুযোগ আর দেওয়া হবে না। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, “নারায়ণগঞ্জে কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের জানমাল রক্ষায় আমরা রাজপথে আছি। যারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায়, তাদের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।”
রেজা রিপন আরও বলেন,নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক নগরী। এখানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সাধারণ মানুষ, ব্যবসায়ী, শ্রমিক ও শিক্ষার্থীদের ওপর পড়ে। তাই রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যাতে জনজীবন বিপর্যস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রাজনীতির নামে ঝটিকা মিছিল করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার দিন শেষ। জনগণের জানমালের নিরাপত্তার সঙ্গে কাউকে খেলতে দেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কেউ যদি নাশকতার চেষ্টা করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নারায়ণগঞ্জ শান্তিপ্রিয় মানুষের শহর। এখানে কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে পারবে না। আওয়ামী লীগ বা তাদের অঙ্গসংগঠনের নামে কেউ যদি আবারও আগুন-সন্ত্রাস কিংবা নৈরাজ্যের চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেব।

