মানবিক সেবার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় নিয়ে কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নবনির্বাচিত নেতৃবৃন্দ। এর অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন তাঁরা।
রোববার (৮ নভেম্বর) প্রথমে জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত কমিটির নেতারা। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁরা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
এ সময় পারস্পরিক মতবিনিময়ে মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। নবনির্বাচিত প্রতিনিধিরা জানান, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচিতে রেড ক্রিসেন্টের অংশগ্রহণ বাড়ানো হবে।
পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন নেতৃবৃন্দ। এ সময় ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
নবনির্বাচিত নেতারা বলেন, মানবিক সহায়তার পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে তাঁরা কাজ করতে চান।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবী-টিপু পরিষদ পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করে।

