নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেছেন, হকার সমস্যা, যানজট, অপরাধ নিয়ন্ত্রণ, শীতলক্ষ্যা নদীর দূষণ রোধ, মেডিকেল কলেজ চালু এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আর অবহেলার সুযোগ নেই।
শনিবার (১১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মাহবুবুর রহমান মাসুম বলেন, নগরবাসীর সবচেয়ে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে হকার সমস্যা, তীব্র যানজট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। বিশেষ করে রাতের বেলায় শহরের বিভিন্ন সড়কে অস্থায়ী সবজির আড়ত বসানোর কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনে শহরের বাইরে পরিকল্পিত স্থানে সবজির পাইকারি আড়ত স্থানান্তরের প্রস্তাব দেন তিনি।
তিনি আরও বলেন, শিল্পকারখানার বর্জ্যে শীতলক্ষ্যা নদীর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে নারায়ণগঞ্জে দ্রুত একটি মেডিকেল কলেজ চালু এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
পুলিশ প্রশাসনের ভূমিকার সমালোচনা করে মাসুম বলেন, হকার উচ্ছেদ কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা লক্ষ্য করা যায়নি। পাশাপাশি নগরীতে খুন, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আলোচিত সাত খুন মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার কার্যক্রম এখনো শেষ হয়নি। দ্রুত মামলার নিষ্পত্তির মাধ্যমে নারায়ণগঞ্জকে এই কলঙ্কজনক অধ্যায়ের অবসান ঘটানোর দাবি জানান তিনি।
জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি আমির হোসাইন স্মিথ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ সাত্তার আলী সোহেল, কার্যনির্বাহী সদস্য সৈয়দ সিফাত আল লিংকন, হাসান মজুমদার বাবলুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

