জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর কমিটিতে নেতৃত্বে পরিবর্তন এসেছে। মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ায় তাঁর স্থলে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম (মুক্তি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক শওকত আলীকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে মহানগর কমিটির আহ্বায়কের পদটি শূন্য ঘোষণা করা হয়।
পরবর্তীতে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তি নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারের সদস্য। তাঁর বাবা কমান্ডার সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
অন্যদিকে, শওকত আলী মহানগর এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কেন্দ্রীয় পর্যায়ে নতুন দায়িত্ব পাওয়ার পর মহানগরের নেতৃত্বে এই পরিবর্তন আনা হলো।
এ সিদ্ধান্তের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক কার্যক্রমে এখন থেকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহীনা ইসলাম মুক্তি।

