ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গড়ে ওঠা মাদকের আস্তানায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং ১০ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র্যাবের ওপর হামলা এবং তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান জোরদার করা হয়। এরই অংশ হিসেবে রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দুইতলা বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দুই বাড়িতে তল্লাশি করে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, টাকা গোনার মেশিন, একটি ড্রোনসহ রামদা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। পরে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ আটককৃতদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।

