ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বহু প্রতীক্ষিত পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি জোরদার করেছেন আয়োজকরা। অনুষ্ঠান আয়োজন, প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন এবং বিভিন্ন উপকমিটির কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে সরকারি তোলারাম কলেজের পদ্মা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন নিবন্ধন উপকমিটির আহ্বায়ক আরিফ মিহির। এতে বিশেষ বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, স্যুভিনির উপকমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, মেডিকেল টিম উপকমিটির আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম, প্রচার উপকমিটির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব বিল্লাল হোসেন রবিন এবং সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শামসুন নুর বাঁধনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।
এ সময় প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট মো. রেজাউল করীম খান, অর্থনীতি বিভাগের অধ্যাপক মশিউর রহমান, নিবন্ধন উপকমিটির সদস্য সচিব শিক্ষক গিয়াস উদ্দিন ও শিক্ষক ফারুক হোসেন বক্তব্য দেন। সভায় অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীকে আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খল করতে বিভিন্ন পরামর্শ এবং প্রস্তাবনা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজীব বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। আয়োজনে শৃঙ্খলা বজায় রাখা, অংশগ্রহণকারীদের সুবিধা নিশ্চিত করা এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এই পুনর্মিলনী। অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

