নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল প্রিপারেটরি স্কুলে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে পাঠ সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসব পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিভা ও মেধার প্রকাশ ঘটে।
গোদনাইল প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জাকিয়া আলী ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য লুৎফা আক্তার রুমি, তানজুম নুসরাত মুন, বিউটি আক্তারসহ অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষিকারা।
প্রধান অতিথির বক্তব্যে জাকিয়া আলী ভূঁইয়া বলেন, নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, পাঠ সমাপনী মানেই পড়াশোনার সমাপ্তি নয়; বরং এটি বড় কোনো যাত্রার একটি ধাপ কিংবা সিঁড়ির একটি ধাপ মাত্র। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের ইতিবাচক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

