শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশের পাশাপাশি জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিতর্ক উৎসব ও প্রতিযোগিতা। ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সোমবার (১৫ জুন) সকালে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি একটি যুক্তিনির্ভর সমাজ গঠনের কার্যকর মাধ্যম। মতের ভিন্নতা ও যুক্তির আদান-প্রদানের মধ্য দিয়েই সমাজ এগিয়ে যায়। শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন করার মানসিকতা, ভিন্ন মতকে সম্মান করার সংস্কৃতি এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তৈরিতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো সমসাময়িক বিষয়গুলো নিয়ে তরুণ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। যুক্তি ও জ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠা প্রজন্মই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে বইপড়া প্রতিযোগিতা, ইংরেজি ভাষা চর্চা, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সচেতনতামূলক সেমিনার এবং বিতর্ক কার্যক্রম। এসব উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, উপস্থাপন দক্ষতা ও বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, এবারের প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরের ২৮টি এবং প্রাথমিক স্তরের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ছয় শতাধিক শিক্ষার্থীর সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন প্রায় ৬০ জন শিক্ষক।
তিনি আরও জানান, মূল প্রতিযোগিতা আগামী ১৭ জুন শুরু হয়ে ২১ জুন পর্যন্ত চলবে। নারায়ণগঞ্জ সদরের কমর আলী উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ ভবন—এই দুই ভেন্যুতে একযোগে বিতর্ক অনুষ্ঠিত হবে। মোট আটটি কক্ষে প্রায় ৬০টি বিতর্ক পর্ব আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এ উৎসব শিক্ষার্থীদের মধ্যে যুক্তিচর্চা, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

