শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসব উপলক্ষে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
১৮ থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত শহরের রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজামণ্ডপে এ কর্মসূচি পালন করা হয়। পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে ঋষিপাড়া, চাষাঢ়া, আমলাপাড়া, পালপাড়া, গোদনাইল, লক্ষ্মীনারায়ণ, হাজারীবাগ দুর্গামন্দিরের উত্তর ও দক্ষিণ অংশ এবং ২ নম্বর ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ।
শুভেচ্ছা বার্তায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে উৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বার্তায় আরও বলা হয়, ধর্মীয় উৎসব সবার মধ্যে মিলন, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে। দুর্গোৎসবের আনন্দ যেন নারী, শিশু ও সমাজের সব শ্রেণির মানুষের জন্য নিরাপদ ও আনন্দময় হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় পাঠাগার ও গবেষণা সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ, সহসভাপতি প্রতিকণা দাস ও কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম এবং সদস্য রোকেয়া খাতুন, লিপি সরকার, পল্লবী প্রত্যাশা ও নীলা আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

