নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামে সোনালী ব্যাংকের সাবেক এক প্রিন্সিপাল অফিসার নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ওই এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জালকুড়ি তালতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আজিজুল হক। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে মো. আমিনুল হক জানান, প্রতিদিনের মতো সকালে নাশতা শেষে চা পান করতে দোকানের দিকে যাচ্ছিলেন তার বাবা। পথ পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে প্রথমে খানপুর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুক হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। আবেদনটি যাচাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

