নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলার আরও পাঁচ আসামিকে আটক করা হয়েছে। সব মিলিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— শামীমা আক্তার শিবলী (৩০), নিপা আক্তার (৪১), সুমন (১৯), ইয়ামিন (১৯), মো. শহিদ মিয়া (৪০) ও সাইদুল ইসলাম (৫০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া শামীমা আক্তার শিবলীর কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় একজন, পর্নোগ্রাফি ও অন্যান্য মামলায় দুজন এবং চুরি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের দাবি, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

