নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ও ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) আবু সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল কামালনগর এলাকায় অভিযান চালায়। এ সময় মনির হোসেনের একতলা বাড়ির পশ্চিম পাশের একটি কক্ষে তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাড়ির মালিক মো. মনির হোসেন (৪০), তাঁর স্ত্রী আমেনা বেগম (৩৬) এবং মো. রাব্বী হোসেন (২৬)।
মনির হোসেনের স্থায়ী বাড়ি কুমিল্লা সদর উপজেলার মজলিশপুর গ্রামে। তাঁর বাবার নাম মৃত আলী আহম্মোদ। একই গ্রামের বাসিন্দা তাঁর স্ত্রী আমেনা বেগমের বাবার নাম মৃত আব্দুল কুদ্দুস। অপরদিকে, রাব্বী হোসেন যশোরের চৌগাছা উপজেলার সিংহজুলি গ্রামের মো. জামিল হোসেনের ছেলে। তিনি কামালনগর এলাকায় দেলোয়ার নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

