দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা গড়ে তোলা এবং ফল সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে। ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে সোমবার (২৯ জুন) বেলা ১২টায় শুরু হওয়া এ মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
দিনব্যাপী এ ফল মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফল চাষ, উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে দর্শনার্থীদের সচেতনতামূলক তথ্য উপস্থাপন করা হয়।
আয়োজকরা জানান, দেশীয় ফল চাষে কৃষকদের আরও উৎসাহিত করা, পুষ্টিগুণসম্পন্ন ফলের ব্যবহার বাড়ানো এবং ফল সংরক্ষণে আধুনিক পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

