আগামী জুলাই মাসের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক শিক্ষাকে আরও আকর্ষণীয় ও মানসম্মত করার অংশ হিসেবে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
আজ শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের একটি নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
আনন্দময় শিক্ষা ও মিড-ডে মিল চালুর পরিকল্পনা
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা মানেই শুধু সারা দিন বইয়ের পাতায় বুঁদ হয়ে থাকা কিংবা জিপিএ-৫ পাওয়া নয়; শিক্ষাকে হতে হবে আনন্দময়।” তিনি জানান, শিক্ষার্থীদের ওপর থেকে পড়ালেখার মানসিক চাপ কমাতে ইতিমধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন ও সংশোধন কার্যক্রম শুরু করেছে সরকার।
শিক্ষার পরিবেশ উন্নত করতে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপনের পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলা ও বিতর্ক ক্লাব চালুর ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন এবং তাঁর দূরদর্শী পরিকল্পনা অনুযায়ী শিগগিরই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর ‘মিড-ডে মিল’ (দুপুরের খাবার) চালু করা হবে।
কারিগরি শিক্ষা ও শতবর্ষী স্কুল জাতীয়করণ
দেশের বিপুল জনসংখ্যাকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, জনসংখ্যাকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার কাজ চলছে। এর পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এবার ‘তৃতীয় ভাষা’ শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শত বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোকে সরকারি বা জাতীয়করণের লক্ষ্যে সরকার একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ:
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি নুসরাত ফাতেমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং জেলা প্রশাসক মো. রায়হান কবীর।

